লকডাউনে অন্যরকম ঈদ উদযাপন মধ্যপ্রাচ্য প্রবাসীদের

গত রোববার সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ঈদ অনাবিল আনন্দ নিয়ে এলেও, এবছর অন্যরকম ঈদ উদযাপন করেছেন, প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিবছর প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে, প্রবাস থেকে বাংলাদেশে আসেন। আর যারা দেশে ফিরতে পারেন না, তারা প্রবাসে কর্মরত আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
তবে এবার মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে, পুরো সৌদি আরবে লকডাউন থাকায়, সৌদি ওলামা কাউন্সিলের প্রধান গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলা শেখ এর নেতৃত্বে, শীর্ষ ওলামায়ে কেরামগণের ফতোয়া পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে, সৌদি আরবের আইন মেনে ঘরেই ঈদের নামাজ আদায় করেছেন, স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীরা।
বিগত বছরগুলোর মত বিভিন্ন বিনোদন কেন্দ্র, সি বিচ এবং রিসোর্টে ঘুরতে বা বেড়াতে যাওয়া, নতুন জামা কাপড় কেনা, বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া, একে অপরের সাথে কোলাকুলি করা কোনটাই এবার হয়ে ওঠেনি। তবে, সীমিত পরিসরে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে দীর্ঘদিন যাবৎ কর্মহীন হয়ে ঘরে অবস্থান করায়, দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে না পেরে এবার প্রবাসীদের ঈদ কেটেছে নিরানন্দ। দেশে প্রিয়জনদের সাথে টেলিফোনে কথা বলে, ভিডিও কলে কিংবা জুমে একে অন্যের সাথে কথা বলাই ছিল এবারের ঈদ আনন্দ, তারপরও প্রবাসীরা প্রত্যাশা করেন, এই মহামারী একদিন দূর হবে, পৃথিবী থেকে। আবার কর্মময় জীবনে ফিরে যাবেন তারা।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



