লিবিয়ায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

লিবিয়ার পাচারকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে বেশিরভাগের বাড়ি মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলায়। নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম। হত্যার ঘটনার দ্রুত বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি স্বজনদের।
লিবিয়ার মিজদা শহরে ২৬ অভিবাসী বাংলাদেশিকে হত্যা করে স্থানীয় মানব পাচারকারীরা, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি মাদারীপুরে। ছয় ভাই-বোনের সংসার মাদারীপুরের জুয়েল হাওলাদারের।
ভাগ্য বদলের আশায় চার মাস আগে চার লাখ ১০ হাজার টাকার চুক্তিতে জুলহাস ও জাকিরের মাধ্যমে পাড়ি জমান লিবিয়ায়। সেখানে পৌঁছেই বুঝতে পারেন তিনি দালালের ফাঁদে পড়েছেন। এরপর শুরু হয় মাফিয়া নাটক। চালানো হয় নির্মম নির্যাতন এমনই জানান তার স্বজনরা।
শুধু জুয়েলই নয়, চাচাতো ভাই মানিক হাওলাদারও উন্নত জীবনের আশায় একই চক্রের ফাঁদে পড়েন। চক্রের হাত থেকে মুক্তি পেতে তিনিও দেন ১০ লাখ টাকা। আর একইসময় খবর আসে মর্মান্তিক মৃত্যুর। নিহতদের বাড়ি বাড়ি এখন চলেছে শোকের মাতম। আকস্মিক এমন খবরে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
ইতালি যাওয়ার স্বপ্ন পুরণ হলো না ভৈরবের আট যুবকের। লিবিয়ার সেই হত্যাকান্ডের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার আটজন নিহত হয়েছেন।



