নোয়াখালীতে ৩৮ পুলিশসহ ৯০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বরিশালে গত ২৪ ঘন্টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেবাচিম হাসপাতালের সেবিকা কর্মচারী, পুলিশ সদস্যসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে ৩৮ জন পুলিশ সদস্যসহ ১ দিনে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা উপসর্গ নিয়ে আতাউর রহমান সেলিম নামে একজন মারা গেছেন। কুমিল্লায় নতুন করে ৩৪ জন করোনা পজেটিভ হয়েছেন। মোট আক্রান্ত হয়েছে ৮৫৫ জন।
অন্যদিকে, চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের ফজিলেতুন্নেসা, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গাজীপুরে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে, খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের তানভীর আলম বাবু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মাদারীপুরে আইসোলেশনে থাকা আলমগীর হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও, মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নারী চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।
পঞ্চগড়ে গাজীপুর ফেরত ৩ জন গার্মেন্টস কর্মীসহ নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় পুলিশ কর্মকর্তাসহ ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত ৪৭ জন।



