গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: কাদের

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি নিয়ে তিনি বলেন, ‘অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে। আবার বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করেছি।’ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ। ইতোমধ্যে ভাড়া বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে মালিক, শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ’কে নির্দেশনা দিচ্ছি। এসময়, স্বাস্থ্যবিধি না মানলে জনস্বার্থ রক্ষায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহবান জানান সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ক্রম অবনতিশীল এ পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং নানান দিক বিবেচনা নিয়ে এলাকাভিত্তিক জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে কাজ করছেন। কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।’



