যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। এখনো যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে কারফিউ ভেঙে হাজার হাজার লোক রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন।
বিক্ষোভ চলছে বিশ্বের বিভিন্ন দেশেও। বিক্ষোভ-সহিংসতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অনেক শহরে কারফিউ জারি করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করা হয়েছে। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে দেশটির বিভিন্ন স্থান থেকে ৪,০০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট থেকে শুরু করে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে মার্কিন পুলিশ। তারপরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে ক্ষতির আশংকায় তারা ‘সতর্কাবস্থায়’রয়েছে ।
কৃষাঙ্গ হত্যার প্রতিবাদ করায় সেখানে প্রথম গ্রেপ্তারের ঘটে গত ২৬ মে। পরের পাঁচ দিনে গোটা দেশে সব মিলিয়ে আটককৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজারে।



