
রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল বাড়লেও যাত্রীদের চাপ তুলনামূলক কম। স্বাস্থ্যবিধি মেনে চলছে অধিকাংশ গণপরিবহন। তবে, নৌপথে সরকারি নির্দেশনা মানছেন না যাত্রীরা। কর্তৃপক্ষ বলছেন, যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর, পহেলা জুন থেকে সারা দেশে চালু হয়েছে লঞ্চ চলাচল। করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন, নিরাপদ দূরত্ব নিশ্চিত, জীবাণুনাশক ব্যবহারসহ বেশ কিছু নির্দেশনা থাকলেও নৌপথে মানা হচ্ছে না তার অধিকাংশই।
দেশের দক্ষিণ অঞ্চল ঢাকা-বরিশালসহ ৩৪টি জেলায় লঞ্চ চলাচল করছে অনেকটা অনিয়ন্ত্রিত ভাবেই। মন্ত্রণালয়ের নির্দেশিত বিধি না মেনেই অসংখ যাত্রী চলাচল করছে এই নৌরুটে। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাপ বেশি থাকায় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আর যাত্রীরা বলছেন, কর্ম স্থলে ফেরার তাগিদেই তাদের এই রিস্ক নিতে হচ্ছে।
তবে, ভিন্ন চিত্র রাজধানীর গনপরিবহনগুলোতে। গেল দুদিনে সড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও যাত্রীদের চাপ নেই বললেই চলে। দূরপাল্লার প্রতিটি কাউন্টার অনেকটাই ফাঁকা। অধিকাংশ পরিবহনই চলছে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে।
বাস কিম্বা লঞ্চ যেখানেই হোক সরকারের দেয়া স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে না চললে আগামীতে করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
আরিফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রতিনিধি



