প্রবাসী জনসংখ্যা কমাতে গুরুত্ব আরোপ কুয়েত সরকারের

কুয়েতে প্রবাসী জনসংখ্যা কমানোর ওপর গুরুত্ব আরোপ করছেন দেশটির প্রধানমন্ত্রী। বর্তমানে কুয়েতের জনসংখ্যা প্রায় ৪৮ লাখ, যার মধ্যে সাড়ে ১৪ লাখ কুয়েতি এবং প্রায় ৩৪ লাখ নন-কুয়েতি বা প্রবাসী। মোট জনসংখ্যার আনুপাতিক হার ৩০ এবং ৭০ শতাংশ।
কুয়েতের জাতীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসান খালেদ আল-হামাদ আল-সাবাহ বলেছেন, কুয়েতে স্থানীয় ও প্রবাসী জনসংখ্যার আনুপাতিক বৈষম্য দূর করা একটি “বড় চ্যালেঞ্জ”।
প্রধানমন্ত্রীর মতে, দেশটিতেআদর্শ জনসংখ্যার অনুপাত হওয়া উচিত কুয়েতি ৭০ শতাংশ এবং নন-কুয়েতি বা প্রবাসী ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী আল-সাবাহ বলেছেন, ভবিষ্যতে কুয়েতের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছেপ্রবাসী জনসংখ্যার অনুপাত কমিয়ে আনা।
তিনি বলেন, এখানে সাড়ে ৭ লাখ প্রবাসী গৃহকর্মী আছেন, যারা কুয়েতের জনসংখ্যার অর্ধেকের সমান। প্রধানমন্ত্রী আল-সাবাহ সম্পাদকদের বলেছেন, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই জনসংখ্যার এই আনুপাতিক বৈষম্য কমিয়ে আনার উদ্যোগ নেবে কুয়েত সরকার।
তিনি আরও বলেন, কুয়েতের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সব পেশায় কাজ করার জন্য তৈরী হতে হবে, যেমনটি আমাদের পূর্বপুরুষরা করেছেন। সংসদের সাথে সহযোগিতার মাধ্যমে এ বিষয়ে একটি নীতি প্রণয়নেসরকার আগ্রহী।



