আওয়ামী লীগরাজনীতি

হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসা নিশ্চিতে মানবিক হওয়ার আহবান কাদেরের

বিভিন্ন হাসপাতালে করোনা ও অন্যান্য রোগীরা চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো মানবিক হওয়ার আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় দেশের এই দুর্দিনে কর্মী ছাটাই না করতে মালিকদের প্রতি আহবান জানান তিনি। সোমবার সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। করোনা ও অন্য রোগীদের সেবায় মানবিক হোন।’

তৈরি পোশাক খাতের মালিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকেরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মড়ার উপর খাঁড়ার ঘার মতো অবস্থা হবে। দেশের এই দুর্দিনে তাঁদের (শ্রমিক) ছাঁটাই না করার আহ্বান জানান তিনি। বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিকভাবে বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মী হয়ে সিদ্ধান্ত নিতে হবে।

গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় বেশি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button