ইতালিতে কাজের ক্ষেত্র ও পাসপোর্ট সমস্যায় অনেক বাংলাদেশি বৈধতার সুযোগ হারাবে

করোনাভাইরাসের কারণে ইতালির কৃষিকাজে শ্রমিক সংকট দেখা দেয়ায়, ইতালিয়ান সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার সিদ্ধান্ত ঘোষণা করে। শুধুমাত্র দুটি সেক্টরে বৈধতা দেবার কারণে, ইতালিতে বসবাসকারী প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসীর অনেকেই এই বৈধতা থেকে বঞ্চিত হবেন।
বিশেষ করে কাজের ক্ষেত্র এবং পাসপোর্ট সমস্যার কারণে অনেক বাংলাদেশিরা দীর্ঘ ৮ বছর পর দেয়া, এই বৈধতার সুযোগ গ্রহণ করতে পারছে না।
গত শুক্রবার স্থানীয় বাংলাদেশীদের একটি প্রতিনিধি দল, বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের সাথে পাসপোর্ট সমস্যা নিয়ে বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্ট কিংবা ছবিযুক্ত সার্টিফিকেট ইস্যু করবে রোম দূতাবাস।
দূতাবাসের এই সিদ্ধান্তে খুশি কমিউনিটির নেতারা কিন্তু প্রশ্ন থেকে যায় ইতালীয় প্রশাসন ছবিযুক্ত সার্টিফিকেটকে পাসপোর্ট এর বিকল্প হিসেবে গ্রহণ করবে কিনা।
এদিকে, বৈধতাকে কেন্দ্র করেইতালিতে এক শ্রেণীর দালাল অপপ্রচার শুরু করছে। কমিউনিটির নেতারা দালালদের সম্পর্কে সতর্ক থাকার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জানা গেছে, ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে যাদের স্টেপারমিট ছিল এবং যারা উল্লিখিত দুটি সেক্টরে কাজ করতেন তারাও বৈধতার জন্য আবেদন করতে পারবেন।
বৈঠকে বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী, সাধারণ সম্পাদক জহিরুল আলম ছাড়াও, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, আব্দুর রব ফকির, ইতালি আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শাওন আহমেদে, ইতালি ব্যুরো চীফ



