
রেড জোনে থাকায় রাত ১২ টা থেকে লক ডাউন করা হয়েছে রাজধানী ঢাকার রাজাবাজার। এ এলাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে চলছে কঠোর নজরদারি। বিশেষজ্ঞরা বলছেন, জোনভিত্তিক লক ডাউন কঠোরভাবে মেনে চললে করোনার সংক্রমণ অনেকটাই কমে আসবে।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সংক্রমনের মাত্রা অনুযায়ী বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ চিহিৃত করে লকডাউন কার্যকর শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংক্রমণ বেশি থাকায় প্রথম পর্যায়ে লকডাউন করা হয়েছে রাজধানীর রাজাবাজার। প্রবেশ পথ গুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে জরুরী সেবা প্রদানকারী ব্যাক্তি বা সংস্থা বিশেষ প্রয়োজনে চলাচল করতে পারবে এসব এলাকায়। এ বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।
এছাড়া, এভাবে লকডাউন করায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের রয়েছে নানা অভিযোগ।
অন্যদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর অন্যতম উপদেষ্টা ডা. মুশতাক হোসেনের মতে, দেরিতে হলেও সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক এবং এটা কঠোর ভাবে মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা অসম্ভব নয়।
এভাবে রেডজোন গুলোকে বিচ্ছিন্ন করা গেলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সংক্রমণরোধে সফল হবে বলেও আশা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



