অনৈতিক কাজের ভিডিও ভাইরাল! জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিতর্কের মুখে পড়া জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বসতঘর ভাঙচুর করেছে উত্তেজিত এলাকাবাসী। রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম তাইজুল ইসলাম। তিনি নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাঁর বাবার নাম আব্দুর রহমান মিয়াজী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর রোববার দুপুরে নিজের বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন তাইজুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে ক্ষুব্ধ স্থানীয় নারী-পুরুষ তাঁর বসতঘরে ভাঙচুর চালান বলে জানিয়েছে একটি সূত্র।
এলাকাবাসীর অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন নারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা দিয়ে আসছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



