ওমানের সাধারণ ক্ষমার বিষয়ে গুজব না ছড়াতে অনুরোধ

ওমানের দূতাবাস সাধারণ ক্ষমার ব্যাপারে গুজব না ছড়াতে প্রবাসীদের অনুরোধ করেছেন। পাশাপাশি ওমানে বাংলাদেশিদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আহবান জানানো হয়েছে।
গত বুধবার ওমানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমানে বসবাসরত বাংলাদেশিদের বিনা জরিমানায় দেশে ফিরে যাবার সুযোগ প্রদানের জন্য, সুলতানের কাছে সাধারণ ক্ষমার আবেদন জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এছাড়াও ওমান সরকারের বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টা অব্যহত রয়েছে। তবে, এখনও ওমান সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
এদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাংলাদেশি ভিডিও প্রচার করে, প্রবাসীদের জানাচ্ছে যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এ ধরণের প্রচারণা বন্ধ ও ইতিবাচক প্রচারণা চালিয়ে, ওমানে বাংলাদেশিদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়েছে।



