
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন করোনা রোগী। রবিবার (১৪ই জুন) স্বাস্থ্য অধিদপ্তর করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানায়।
বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৭১ জন।
এদিকে, সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে, কিছু জায়গায় রেড জোন চিহ্নিত করে চলছে এলাকাভিত্তিক লকডাউন।
অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, রোববার (১৪ জুন) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৩৯৪ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৭ জনের।



