
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন। মঙ্গলবার (১৬ই জুন), স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জন। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ২৩৭ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৬৪ জন।
এদিকে, দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে, কিছু জায়গায় রেড জোন চিহ্নিত করে চলছে এলাকাভিত্তিক লকডাউন।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে ৮১ লাখ ২৮ হাজার ৫০০শ’র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৫০০’র মতো মানুষ। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪২ লাখ ৪২ হাজার ৭৭০ জন।



