করোনা প্রাদুর্ভাবে ওমানে ক্ষতির সম্মুখীন বাংলাদেশি টেইলারিং ও সেলুন ব্যবসা

করোনাভাইরাস প্রাদুর্ভাবে ওমানে চরম ক্ষতির সম্মুখীন বাংলাদেশি টেইলারিং ও সেলুন ব্যবসায়ীরা। এ পেশায় নিয়োজিত দুই লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। একদিকে দোকান ভাড়া, অন্যদিকে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ।সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় আছেন এসব প্রবাসীরা।
করোনাভাইরাস যখন বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করে, তখন থেকেই ওমানে বন্ধ রয়েছে টেইলারিং ও সেলুন ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য। করোনা প্রতিরোধে গঠিত ওমানের সুপ্রিম কমিটি, সম্প্রতি টেইলারিং ও সেলুন ব্যবসা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপদ দূরত্ব বজায় রেখে চালু করার অনুমতি দিয়েছেন। কিন্তু সেলুন ও টেইলারিং ব্যবসা কবে চালু হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা না আসায়, চরম দুশ্চিন্তায় পড়েছেন এসব সেক্টরে কর্মরত শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, নিজেদের খরচ মেটানো ও দেশে নিজের পরিবারের কাছে টাকা পাঠাতে, হিমশিম খেতে হচ্ছে তাদের। এসব প্রবাসী ব্যবসায়ীরা দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
বাংলাটিভি/শহীদ



