
সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। শনিবার ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র বিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্র, ইস্যু করার তারিখ থেকে ২ বছর পর্যন্ত মেয়াদ ছিল, সেসব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকরই থাকবে। ফলে, সবধরণের সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।
যেকোনো সেবাদানকারী প্রতিষ্ঠান, সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙিন) ডাউনলোড করতে পারবেন। এরপর মুদ্রণ ও লেমিনেটিং করে তা ব্যবহার করতে পারবেন।



