অক্সিজেন সিলিন্ডার মজুত করবেন না: কাদের

করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার মজুত না করার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এতে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ঙ্কর হতে পারে।’ রবিবার (২১ জুন) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে আবার কেউ কেউ দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ, স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এছাড়া, ‘কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে। হাসপাতাল, মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতা গুরুত্ব দিন।’
করোনার এ সংকটে গণমাধ্যম কর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণে নিয়ে বিজ্ঞাপন দাতাদের সাধ্যমতো উদারতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।



