অন্যান্যবাংলাদেশ

মহাখালী ডিএনসিসি মার্কেটে ১০০০ শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী

করোনা আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনী মহাখালির ছয়তলা বিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার পরিচালনা করবে। মার্কেটের গ্রাউন্ড ফ্লোর হতে পাচ তলা পর্যন্ত এই আইসোলেশন সেন্টারটি সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহায়তায় পরিচালিত হবে।

বিভিন্ন হাসপাতাল হতে রেফার হয়ে আসা করোনা পজেটিভ সাধারণ রোগীদের (মাইল্ড কেসেস) এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ভর্তিকৃত রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে। ডিএনসিসির মেয়র এই হাসপাতালের কর্মকান্ড তত্ত্বাবধান করবেন। সেনাবাহিনীর এক জন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী, এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোরগ্রুপ নিয়োগ করবে। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর হতে নিয়োগ প্রদান করা হবে। সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে। পর্যায়ক্রমে এই আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণ করা হচ্ছে।

ডিএনসিসি মার্কেটের ৬ষ্ঠ তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ বেডসহ ৩০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এই হাসপাতাল হতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজিক ল্যাব ও আইসিইউ সহায়তা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button