ফ্রান্সে অবৈধদের বৈধ করার আন্দোলনে বাংলাদেশি প্রবাসীরা

ফ্রান্সে অবৈধদের বৈধ করার আন্দোলনে বাংলাদেশি প্রবাসীরাও অংশ নিয়েছেন। করোনা সংকটের মধ্যেই ফ্রান্সের কয়েক হাজার অনিয়মিত অভিবাসীকে নিয়মিতকরণের দাবিতে, বিক্ষোভে উত্তাল রাজধানী প্যারিস।
ইউরোপের অন্যান্য দেশে অবৈধদের বৈধতা নিয়ে আলোচনা হলেও, ফ্রান্স সরকার এখনও এ বিষয়ে কোন পদক্ষেপ না নেয়ায়, আন্দোলনে নেমেছেন প্রবাসীরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীসহ বাংলাদেশিরাও।
আন্দোলনের মিছিলগুলো স্ট্যালিনগ্রাদে গিয়ে শেষ হয়। এই আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা ছাড়াও, স্থানীয়দের অনেকেই এই আন্দোলনে অংশ নেন।
প্রবাসীরা জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে যাদের বৈধ কাগজপত্র নেই তারা অনেক সমস্যায় পড়ছেন। ফ্রান্সে যেসব প্রবাসীরা অবস্থান করছেন, তারা যাতে কাগজপত্র নিয়ে ভালোভাবে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই এ আন্দোলন। ফ্রান্স সরকার দ্রুত এ সমস্যার মানবিক সমাধান আনবে, এমনটাই আশা করছেন আন্দোলনকারীরা।



