১০ জেলায় রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের ১০টি জেলার রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।রোববার (২১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জুন থেকে রেড জোন চিহ্নিত ১০টি জেলার রেড জোন হিসেবে চিহ্নিত এই এলাকাগুলোতে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি থাকবে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।
আদেশে আরও বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া রেড জোন ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত এবং অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে। সাধারণ ছুটি চলাকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া, জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির বাইরে থাকবে বলে আদেশে বলা হয়েছে।
জেলাগুলো হলো−চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। এই ১০ জেলার বিভিন্ন অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব জেলার মধ্যে চট্টগ্রামের উত্তর কাট্টলি, চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলাধীন দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড ও যশোরের অভয়নগর উপজেলায় ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আর সবচেয়ে কম সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মাদারীপুরে। ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯ দিন ছুটি থাকবে এই জেলায়। উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।



