চুয়াডাঙ্গার রেডজোন এলাকায় ২১ দিনের সাধারণ ছুটি ঘোষণা

চুয়াডাঙ্গায় দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোন রকমেই যেন নিয়ন্ত্রণে আসছে না এই ভাইরাস। তাই এ ভাইরাসের মহামারী প্রতিরোধে জেলার রেডজোন চিহ্নিত এলাকাগুলোকে লকডাউন করে সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।
গত ১৭ জুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পরানপুর গ্রামের রিফিউজি কলোনী এবং ৭ ওয়ার্ডের দর্শনা থানা এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করে জেলা প্রশাসন। এমতাবস্থায় ২১ জুন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রামক (রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ক্ষমতাবলে একটি প্রজ্ঞাপন জারি করেন।
সেখানে উল্লেখ করা হয় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রনে রোগের চলমান ঝুকি বিবেচনায় জন চলাচল ও জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রনের লক্ষ্যে রেডজোন চিহ্নিত এলাকাগুলোকে শর্তসাপেক্ষে আগামী ২১ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় সাপ্তাহিক ছুটির দিনও এ ছুটির আওতায় পড়বে। জেলা প্রশাসনের সুত্রে জানা গেছে, জেলার ১৮১৮ জনের শরীরে নমুনা পরীক্ষা করে মোট ১৮০ জনের শরীরে করোনার সংক্রমন পাওয়া গেছে। এর মধ্যে সাম্প্রতিক চুয়াডাঙ্গার জীবননগর ইসলামী ব্যাংকের অফিস পিয়ন সহ ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন মোট ১০২ জন।
মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি



