
এই করোনা মহামারী চলাকালীন সময়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যথাযথ যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক অনুশীলন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঘুমের উন্নতি সাধন এবং মানসিক চাপ হ্রাস করে যা এই সময়ের উদ্বেগ এবং হতাশার সাথে লড়াই করতে কার্যকরী ভূমিকা পালন করে।
জেসিআই ঢাকা ওয়েষ্ট মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক অনলাইন কর্মশালার আয়োজন করছে। কর্মশালার প্রথম পর্বটি সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ ৫টি মানসিক বিষয়ের ওপর যা অনুষ্ঠানে যোগদানকারীদের উপর্যুপুরি সহযোগিতা করবে।
বিষয়গুলো হলো আবেগ পরিচালনার উপায়, নেতিবাচক চিন্তাভাবনা শনাক্তকরণ, ঘুম, খাওয়া ও উদ্বেগজনিত বিশৃংখলা, অসম্মতি ও দ্বিধা নিয়ন্ত্রণ এবং মানসিক স্থিরতা অনুশীলন। অনলাইন এই প্রথম কর্মশালাটিতে আলোচক হিসেবে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
সঞ্চালনায় থাকছেন জেসিআই ঢাকা ওয়েস্ট-এর ২০২০ আঞ্চলিক জেনারেল লিগ্যাল কাউন্সিল মুহাম্মাদ আলতামিশ নাবিল। অনলাইন কর্মশালাটি প্রচারিত হবে জেসিআই ঢাকা ওয়েস্ট-এর ফেসবুক পেইজে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টায়।
জুন ও জুলাইয়ের মধ্যে মোট চারটি অনলাইন কর্মশালার আয়োজন করা হবে যার মধ্যে দু’টি শারীরিক সুস্থতার লক্ষ্যে এবং দু’টি মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সাজানো হয়েছে। এই চারটি কর্মশালায় কীভাবে ঘরে বসে যে সকল কৌশল অবলম্বন করে শরীরিক ও মানসিক অনুশীলন করা সম্ভব সেই সকল কৌশল শেখানো হবে।



