মাদারীপুরে ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে ইকবাল মোল্লা (৩৯) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়ের একটি ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইকবাল রাজৈরের বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর আলী মোল্লার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় যুবক ইকবাল। রাতে বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন মোবাইলে কল দিলে তা বন্ধ পায়।
পরে মঙ্গলবার সকালে শাখারপাড় বেঁড়িবাধ এলাকার একটি ক্ষেত রক্তাক্ত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে ওই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
এদিকে নিহতের শরীরের ধারালো অস্ত্র দিয়ে কোপের একাধিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ জানান, ময়না তদন্তের পরেই হত্যার রহস্য বেড়িয়ে আসবে। তবে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি



