সৌদিতে ফিরতে পারছেন না ছুটিতে থাকা প্রবাসীরা

বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সৌদি আরবে বন্ধ রয়েছে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ও স্থলবন্দর। এর মাঝে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদের ও বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।
তবে সৌদি আরবের বাইরে ছুটিতে থাকা প্রবাসীরা ও বিদেশিরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশটিতে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য নিশ্চিত করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই ছুটিতে দেশে আসা প্রবাসীরা এবং বিদেশি নাগরিকরা সৌদি আরবে ফেরত যেতে পারবেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই যদি কারো ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তবে কর্মক্ষেত্রে বা স্পনসরের সঙ্গে যোগাযোগ করলে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হবে। এ ছাড়া সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় যদি প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হয়ে যায়, তবে সে ক্ষেত্রেও কোনো জরিমানা করা হবে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, চলতি বছরের হজ আন্তর্জাতিকভাবে পালন করা হবে না বলেও জানিয়েছে সৌদি সরকার। সীমিত সংখ্যক সৌদি আরবে বসবাসকারী নাগরিক ও প্রবাসীর সতর্কতার সঙ্গে পবিত্র হজ পালন করতে পারবেন। বর্তমান করোনাজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে ফিরতে পারবেন ছুটিতে থাকা প্রবাসীরা।



