প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ভূমিকম্প কয়েকশত মাইল দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের প্রশান্ত মহাসাগর তীরবর্তী রিজোর্ট শহর লা ক্রুসেসিতায় বলে মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে। হতাহতের ঘটনাগুলোও লা ক্রুসেসিতা ও এর আশপাশের এলাকাগুলোতে ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও প্রাণঘাতী পরাঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন লা ক্রুসেসিতার বাসিন্দাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন। স্থানীয় একজন কর্মকর্তা জানান, শহরের প্রায় ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ৩০টি বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে।
মেক্সিকোর এ ভূমিকম্পটির উপকেন্দ্র পচুদলা শহর থেকে ৪৩ মাইল উত্তরপূর্বাঞ্চলে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূপৃষ্ঠের মাত্র ২৬ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে তারা।



