
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে দাম বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম, তবে কিছুটা নিম্নমুখী সবজির দাম। এছাড়া অধিকাংশ মাছের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৫০ টাকা। মুরগি আকার ও প্রকারভেদে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
ডজনে ডিমের দাম বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। তবে অধিকাংশ বাজারে সবজি ভেদে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে শাক। সবজির সঙ্গে দাম কমেছে পেঁয়াজ, রসুন ও আদার। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল ও ভোজ্যতেলের দাম।
এদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা, মহিষের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজি দরে। আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।



