যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিযোগের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে তাদের আইডিএফসি তহবিলের আওতায় বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিযোগের আহবান জানান। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সাথে ফোনে আলাপাকালে এ আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র আনতে চায় উল্লেখ করে ড. মোমেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক জোনে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগেরও অনুরোধ করেন। তিনি বলেন, বাংলাদেশের হাইটেক পার্ক, তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল এবং বিপুল সংখ্যক শ্রমিকের সহজ লভ্যতার কারণে এ দেশে বিনিয়োগ যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে।
ড. মোমেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতে দু’বছর শুল্কমুক্ত সুবিধা প্রদানের জন্য অনুরোধ করে বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করায় এ খাতে কর্মরত শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে যার অধিকাংশ মহিলা।
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরো দৃঢ় ভূমিকা রাখার অনুরোধ করে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে চুক্তির বাস্তবায়নে মিয়ানমার সময় ক্ষেপণ করছে। সম্প্রতি রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক অভিযানের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে ৮২০ মিলিয়ন ডলার প্রদান করেছে। মানবপাচার রোধে টিআইপি রিপোর্টে বাংলাদেশের দ্বিতীয় ধাপে উন্নয়নের প্রশংসা করেন মাইক পম্পেও।



