বাংলাদেশ থেকে মালবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ভারত

করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা আমদানি-রফতানি কার্যক্রম চালু করতে, সম্প্রতি ভারত ও বাংলাদেশের স্থলবন্দরগুলো খুলে দেয়ার পর, ভারত থেকে বাংলাদেশে পণ্য প্রবেশ স্বাভাবিক থাকলেও, বাংলাদেশ থেকে বেশিরভাগ বন্দর দিয়ে, ট্রাক ঢুকতে দিচ্ছে না ভারত।
বিষয়টি দুদেশের মধ্যকার চুক্তির লঙ্ঘণ হিসেবে দেখছে ঢাকা। সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জানা গেছে, বাণিজ্য স্বাভাবিক করতে ইতোমধ্যে, দিল্লিকে চিঠিও পাঠিয়েছে ঢাকা। এ বিষয়ে নৌ সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। আপাতত এটুকু বলতে পারি যে, বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের বাধা দূর করতে, কূটনৈতিকভাবে চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হবে।
আরো জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে, মার্চের শেষ সপ্তাহ থেকে বেশ কিছুদিন দু’দেশের মধ্যকার বাণিজ্য বন্ধ থাকায়, অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোগ নেয় ভারত। দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও উন্নয়নে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে, বাংলাদেশের বাণিজ্য, পররাষ্ট্র এবং রেলপথ মন্ত্রণালয়সহ, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠকসহ, ফোনকল ও ভার্চুয়াল বৈঠকে বাণিজ্য স্বাভাবিক করার বিষয়ে জোর দিতে থাকে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও বাংলাদেশ-ভারত বাণিজ্য নিয়ে বৈঠক হয়।এসব বৈঠকের পর গত ৬ জুন থেকে বাংলাদেশে পণ্য রফতানি শুরু করে ভারত। তবে বাংলাদেশি পণ্য দেশটিতে প্রবেশে বাধা পেতে থাকে। আমদানির মতো বাংলাদেশি পণ্য রফতানিও যাতে নির্বিঘ্নে হয়, সে বিষয়ে দিল্লিকে চিঠি দেয়া হলেও, সমস্যার সমাধান হয়নি।



