বিশ্ববাংলা
অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সৌদির জনজীবন

প্রায় তিন মাস লকডাউন থাকার পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সৌদি আরবের জনজীবন।
গেলো ২ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় সৌদি আরবে। ১৪ মার্চ থেকে কয়েক দফায় প্রায় তিনমাস লকডাউন শেষে গত ২৮ মে থেকে কারফিউয়ের সময়সীমা সাময়িক শিথিলের ঘোষণা দেয় সৌদি সরকার।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চালু, কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়া এবং মসজিদ খুলে দেয়াসহ দেশের অভ্যন্তরে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের ওপর থেকেও উঠে যায় নিষেধাজ্ঞা। দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকার পর নিজ কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন সৌদি আরবের কৃষিখাতে কর্মরত শ্রমিকরা।
এদিকে, লকডাউন উঠে গেলেও, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বেশ কয়েকটি আইন জারি করেছে সৌদি সরকার। মাস্ক ছাড়া কেউ বাইরে গেলে এক হাজার রিয়াল জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রাখা হয়েছে আইনে।



