এবারের ঈদে যে কোন মূল্যে জনসমাগম এড়াতে হবে: কাদের

গেল ঈদে মানুষের অবাধ চলাচল, ভীড়ের কারণে করোনা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছিলো। তাই নিজেদের বেঁচে থাকার স্বার্থে আসন্ন কোরবানির ঈদে যে কোন মূল্যে জনসমাগম এড়াতে হবে বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশে উন্ননয় কাজে কিছুটা বাধা এলেও সড়ক পরিবহন ও সেতু বিভাগের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে।
শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।
ওবায়দুল কাদের আরো বলেন, সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের নিরাপত্তা, বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম-ভীড় এড়ানো এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।



