এসাইলামে থাকা ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে আরো ১৫০ জন বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। দালালদের মোটা অংকের টাকা দিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এই বাংলাদেশিরা এখন ফেরত পাঠানোর তালিকায় আছেন।
সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে কেউ যদি অ্যাটর্নি নিয়োগ দিয়ে আদালতকে বুঝাতে সক্ষম হয় যে তারা দেশে ফিরলে রাজনৈতিক নির্যাতনের শিকার হবেন, বা তাদেরকে মেরে ফেলা হবে, তাহলে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেয় যুক্তরাষ্ট্র। এ সুযোগটি নেয়ার আশায় অনেক বাংলাদেশি মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকেন।
কিন্তু সম্প্রতি করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় অভিবাসন বিষয়ে কঠোর হয়েছে ট্রাম্প প্রশাসন। গত ২৫ জুন ৮৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে দিয়েছে দেশটি। সম্প্রতি মেক্সিকো হয়ে আমেরিকায় প্রবেশের সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হয়েছেন আরো কিছু সংখ্যক বাংলাদেশি। এরপর প্রচলিত রীতি অনুযায়ী এসাইলাম অফিসারের কাছেইন্টারভিউ শেষে তাদেরকে বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
ডিটেনশন সেন্টারে থাকা এরকম প্রায় ১শো ৫০ জন বাংলাদেশিকে আরিজোনায় একত্র করা হয়েছে। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা এসব প্রবাসীর বক্তব্যের সত্যতা যাচাই বাছাইয়ের পর তাদেরকেও দেশে পাঠিয়ে দেয়ার প্রস্ততি চলছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমদ গত ৩ জুলাই এ প্রসঙ্গে জানান, হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রায়ই আটক বাংলাদেশীদের ব্যাপারেখোঁজ-খবর নেয়। তারা বাংলাদেশের নাগরিক কিনা সেটিও নিশ্চিত হতে চায়। তবে এই ১৫০ জন সম্পর্কে এখনো বাংলাদেশ দূতাবাস কিছু জানে না।



