রাজনীতি

আ.লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করে প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ গোপনে বিভিন্ন ভিডিও তৈরি করছে। এসব ভিডিওতে নিচু স্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেগুলো দেশের বাইরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড এখন একধরনের প্রচার ও বার্তা আদান-প্রদানের কৌশলে পরিণত হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এরপরও দলটির বিভিন্ন কর্মকাণ্ড তাদের রাজনৈতিক চরিত্র ও জনবিচ্ছিন্ন অবস্থাকে আরও স্পষ্ট করছে। এসব তৎপরতার মাধ্যমে দেশে দলটির পুনর্বাসনের সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে দেশে ফিরে আসার কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে এবং প্রচলিত আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমান, গাড়ি কিংবা সীমান্তসংক্রান্ত বিভিন্ন আলোচনা মূলত রাজনৈতিক প্রচারণার অংশ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের সক্রিয় রাখার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন।

হাসনাত আব্দুল্লাহর দাবি, বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা, পাসপোর্ট সংগ্রহ কিংবা যাতায়াতের বিকল্প ব্যবস্থা নিয়ে নানা আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। তার মতে, এসব পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

এ সময় তিনি ভারতের প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে হওয়া বিচারিক রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়ে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলটির পুরোনো রাজনৈতিক আচরণের প্রতিফলন। তার অভিযোগ, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একই ধরনের তৎপরতার নজির দেখা গেছে।

ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার দাবি, ভারতের ভূখণ্ড ব্যবহার করে এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে আন্তসীমান্ত সন্ত্রাসবাদে সহযোগিতা হিসেবে উল্লেখ করেন তিনি।

মোটরসাইকেল র‍্যালির আগে দেওয়া বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button