দেশবাংলা

কানাইঘাটে আলোচিত গণধর্ষণে অভিযুক্ত মূল হোতা আটক

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল হোতা আজাদ কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেটের কানাইঘাট থানার ব্রাম্মনগ্রাম এলাকার এক নারীকে গণধর্ষণের অভিযোগে মূল হোতা আবুল কালাম আজাদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সে কানাইঘাট থানার ব্রাম্মনগ্রামের নূর উদ্দিনের ছেলে।

গত ২ জুলাই দিবাগত রাতে কানাইঘাট থানাধীন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের অন্তর্গত ব্রাহ্মণ গ্রামের এক গৃহবধূকে আবুল কালাম আজাদ এবং মুক্তার হোসেন নামের দুই লম্পট অস্ত্রের মুখে ধর্ষণ করে। উক্ত ঘটনা লোকমুখে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে আসার পরিপ্রেক্ষিতে বিষয়টি পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন পিপিএম এর নজরে আসা মাত্রই পুলিশ সুপার ডিবি, কানাইঘাট সার্কেল এবং কানাইঘাট থানা পুলিশকে আসামি ধরার জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল আব্দুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে আসামী আজাদ গোয়াইনঘাট এলাকায় অবস্থান করছে এরকম তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে আজ রবিবার (৫ জুলাই) সকাল দশ ঘটিকার সময় পুলিশ গোয়াইনঘাট থানাধীন রাধানগর গ্রামে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা আব্দুল কালাম আজাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবিষয়ে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ লুৎফর রহমান জানান,কানাইঘাটে এক নারী গনধর্ষণের সংবাদ নজরে আসার সাথে সাথে পুলিশ সুপার মহোদয় দ্রুত আসামী গ্রেফতার করার জন্য ডিবি এবং কানাইঘাট থানা পুলিশের সমন্বয়ে একাধিক টিম গঠন করে দেন। এরই প্রেক্ষিতে আজ সকালে ঘটনায় জড়িত মূল আসামীকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button