বিশ্ববাংলা

ইতালি থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে

ইতালির রোমের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ১৪৭ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনে যাবতীয় প্রক্রিয়া শেষে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরে তাদের নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে হজ ক্যাম্পে পাঠিয়েছে।

গত ৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বেশ ক’জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরই ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সবধরনের ফ্লাইট ও বাংলাদেশি যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহায় ট্রানজিট হয়ে রোমে যাওয়ার পর একটি ফ্লাইটে ১৪৭ বাংলাদেশি যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। পরে বিমানবন্দর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button