বিশ্ববাংলা

তাবুকে করোনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তাবুকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ হেলাল উদ্দিন নামে এক বাংলাদেশি মারা গেছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই সন্তান রেখে গেছেন।

প্রবাসী হেলাল উদ্দিন গত জুন মাসে করোনার উপসর্গ নিয়ে তাবুকের গালা রোডের একটি বাসা থেকে কিং খালেদ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ হওয়াতে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। গত ৩ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার চাচাতো ভাই মোহাম্মদ তসলিম জানান, তিনি তাবুকে ২০ বছর যাবত টেইলারিং ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুর হসপিটাল রিপোর্ট সহ সকল কাগজপত্র বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় পাঠানো হয়েছে। সেখান থেকে অনাপত্তি পত্র পাওয়ার পর গত বৃহস্পতিবার তাবুকের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তার চাচাতো ভাই এবং বাংলাদেশ কমিউনিটি নেতা সারোয়ার আলম সহ শুভাকাঙ্খীরা। তার স্বজনরা যাতে দ্রুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ৩ লক্ষ টাকা অনুদান পায়, সেজন্য নিহতের চাচাতো ভাই তসলিম আবেদন জানিয়েছেন।

শাহাদত হোসেন, তাবুক প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button