প্রবাসীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস

বাহরাইনে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
প্রবাসীদের মাঝে বেকারত্ব কমিয়ে আনতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিভিন্ন রিক্রুটিং এজেন্সী, কোম্পানী ও ট্রেনিং ইন্সটিটিউটের সাথে যোগাযোগ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রশিক্ষণ ও কাজের ব্যাবস্থা করতে চেষ্টা করছেন।
দেশটিতে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মীকে ছাটাই করা হয়েছে। তবে রাষ্ট্রদূত মনে করছেন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের চাহিদা এখনও অপরিবর্তিত রয়েছে। এজন্য প্রবাসীদের বিভিন্ন ট্রেনিং দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় এ সুযোগ সৃষ্টি করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে কর্মীরা দক্ষ হয়ে আরো বেশী বেতনের চাকরীতে নিয়োগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রশিক্ষণ নিতে আগ্রহীদেরকে দূতাবাসের ফেসবুক পেজে দেয়া নির্দেশাবলী অনুসরণ করতে বলা হয়েছে।



