জার্মানীতে আইন পেশায় নিজেদের গড়ে তুলছেন বাংলাদেশি নতুন প্রজন্ম

জার্মানীতে দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিরা মূলধারার বিভিন্ন পেশায় নিজেদের অবস্থান দৃঢ় করছেন। বিলেতে আইন পেশায় বাংলাদেশিদের অবস্থান বেশ শক্ত হলেও জার্মানীতে এই পেশায় বাংলাদেশিদের সংখ্যা এখনো নগন্য।
জার্মানীতে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা এখন আইন পেশায়ও নিজেদের প্রশিক্ষিত করছেন। গত সপ্তাহে জার্মানীর ফ্রাংকফুর্টে অবস্থিত গ্যাটে ইউনিভার্সিটির আইনশাস্ত্রের চূড়ান্ত এক পরীক্ষার ফলাফলে ফুললি কোইয়ালিফাইড ল ইয়ার হিসেবে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুবায়া ফাহমিন হক।
তার আদি বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। তিনি ভবিষ্যতে বিচার বিভাগে তার ক্যারিয়ার গড়তে চান। ফাহমিন ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। শিক্ষাজীবনে প্রতিটি প্রতিষ্ঠানে তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
ফাহমিন হক জানিয়েছেন, মূলধারার পেশাগুলোতে নতুন প্রজন্মের বাংলাদেশিদের অংশগ্রহন দিন দিন বাড়ছে। প্রথম প্রজন্মের বাংলাদেশিরা রেষ্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায় বেশী মনোযোগী হলেও নতুন প্রজন্মের বাংলাদেশি জার্মানরা মূলধারার পেশাগুলোতেই বেশী আকৃষ্ট হচ্ছেন।



