দেশবাংলা
মাদক ব্যবসায় বাধা দেয়ায় প্রবাসীর উপর হামলা

জয়পুরহাটে মাদক ব্যবসা করতে নিষেধ করায় সানোয়ার নামে এক প্রবাসীর উপর মাদক কারবারিরা হামলা চালিয়ে প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সদর উপজেলার চকবরকত ৩২ সিংহাসন মোড়ে এ ঘটনা ঘটে।
আহত সানোয়ার ওই এলাকার চিরলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী জানায়, দীর্ঘ ২৫ বছর দেশের বাইরে থাকার পর কয়েক বছর আগে দেশে ফিরে দেখেন বাড়ির আশেপাশের অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িয়ে গেছেন। এলাকার পরিবেশ ভালো রাখার স্বার্থে স্থানীয় মাদক কারবারিদের এসব অবৈধ ব্যবসা করতে নিষেধ করেন।
এরই জের ধরে সানোয়ারের উপর হামলা চালিয়ে তার কাছ থেকে ১ লাখ ৯৬ হাজার ৪শ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারিরা। এ ঘটনায় সানোয়ার বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন।
হামলাকারিরা গ্রেফতার না হওয়ায় তাকে নানা রকম হুমকি দিচ্ছেন বলে জানান ভুক্তভোগী ও তার পরিবার।



