
রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
পরে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানান, মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের লিখিত জবাব থেকে জানা যায় যে, সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছিলেন। তবে মৌখিক নির্দেশে কোন চুক্তি করতে পারেন কিনা তা খতিয়ে দেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা ডেডিকেটেড বিষয়ে চুক্তি করা হয়- স্বাস্থ্য অধিদপ্তরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত রোববার প্রতিষ্ঠানটির মহাপরিচালকের (ডিজি) কাছে ব্যাখ্যা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন সে বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।



