বন্যা পরিস্থিতির অবনতি, দূর্ভোগে পানিবন্দি মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর টানা বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষ।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নদী ভাঙ্গনে ৪ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে এবং প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জামালপুরে যমুনার পানি বেড়ে সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দূর্ভোগে রয়েছে প্রায় ১০ লাখ মানুষ।
এদিকে, সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় যমুনার পানি বেড়ে যাওয়ায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন, পানিবন্দী প্রায় সাড়ে তিন লাখ মানুষ। ফরিদপুরে গেলো ২৪ ঘন্টায় পদ্মার পানি ৪ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১শ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও দূর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়ে পানিবন্দি জীবন-যাপন করছেন প্রায় ৪ লাখ মানুষ।
এছাড়া বৃষ্টি আর উজানের পানিতে সাভারে বাড়ছে পানির উচ্চতা। তলিয়ে যাচ্ছে কৃষি জমি, ঘরবাড়ি। আর্থিক ক্ষতিতে পড়েছেন পড়ছে প্রান্তিক কৃষকরা। গাইবান্ধায় তিস্তা,ব্রহ্মপুত্র, যমুনা ও করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার পর্বাঞ্চলের উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।



