
জমকালো আয়োজনের মধ্য অনুষ্ঠিত হয়ে গেল শাকিব খানের নতুন সিনেমা শাহেনশাহ’র মহরত। বুধবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাকিব খান বলেন, এই ছবিতে সম্পূর্ণ নতুন শাকিবকে দেখবে তার ভক্তরা।
এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। ‘শাহেনশাহ’য় অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ফারিয়া জানান,এই সিনেমাটি হাতে নেওয়ার আগে গল্প পছন্দ না হওয়ায় তিনি ১৬টি স্ক্রিপ্ট ফিরিয়ে দিয়েছেন। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় ফারিয়া ছাড়াও শাকিবের বিপরীতে অভিনয় করবেন নবাগত রোদেলা জান্নাত।
তাকে মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’র শুটিং আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল,তারিক আনাম খান,অমিত হাসানসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।



