আওয়ামী লীগরাজনীতি

চলমান প্রকল্পের কাজের গতি বাড়াতে ফের তাগিদ খাদ্যমন্ত্রীর

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়ানোর জন্য আবারো তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার বেলা ১১টায় খাদ্য মন্ত্রণালয়ের “উন্নয়ন প্রকল্পসমূহের জুন ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আধুনিক খাদ্য সংগ্রহস্থল সুবিধাদি প্রকল্প এর আওতায় ৫.৩৫ লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৮টি আধুনিক স্টিল সাইলো নির্মাণ করা হচ্ছে। বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, মহেশ্বরপাশা ও মধুপুর এ ৮ টি সাইলো নির্মাণ করা হচ্ছে। চলমান কাজ সমূহ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী এবং অতি শীঘ্র নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন করোনার কারণে কাজের গতি কিছুটা কমেছে। আধুনিক খাদ্য সংগ্রহস্থল সুবিধাদি প্রকল্প এর প্রকল্প পরিচালক বলেন,এ প্রকল্পের বেশিরভাগ যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে হয়। করোনা মহামারীর কারণে এ সমস্ত যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই কাজের গতি কিছুটা কমেছে।

তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। বিভিন্ন প্রকল্পের চলমান সার্বিক কার্যক্রমে খাদ্যমন্ত্রী হতাশা প্রকাশ করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মপরিকল্পনা থাকা দরকার। একটা স্ট্রাটেজিক প্ল্যান এবং রোডম্যাপ থাকা দরকার। কোন কাজ কখন, কোন সময়ের মধ্যে করতে হবে তা সুস্পষ্টভাবে থাকতে হবে।

মন্ত্রী প্রকল্প পরিচালকদের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের আরসি ফুড, ডিসি ফুডদেরও খাদ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিটি প্রকল্পের কাজ মনিটরিং করার জন্য আবারো নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button