প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মক্কা প্রবাসীদের

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে দিন দিন বেড়েই চলেছে বেকার প্রবাসীদের সংখ্যা। পবিত্র শহর মক্কাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রায় ৯০ শতাংশ রেমিটেন্স যোদ্ধা বেকার হয়ে পড়েছেন। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।
এ অবস্থায় বিশেষ প্রণোদনা দিয়ে, প্রবাসীদের এই দুঃসময়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসীরা।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মরুভূমির দেশ সৌদি আরব। করোনার পূর্বেই দেশটির সরকারের সৌদিকরণ নীতি বাস্তবায়নের ফলে, কাজ হারিয়েছিলেন অনেক প্রবাসী। কিন্তু করোনাভাইরাস যেন প্রবাসীদের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা। এর প্রাদুর্ভাবের ফলে দিন দিন দেশটিতে বৃদ্ধি পাচ্ছে কর্মহারা বাংলাদেশিদের সংখ্যা।
এই মহামারি শুরু হওয়ার পর পবিত্র মক্কা নগরীতেই ৯০ শতাংশ বাংলাদেশি বেকার হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকেই দেশে যাবার জন্য চেষ্টা করলেও, বিমানের ফ্লাইট চালু না হওয়ায় যেতে পারছেন না।
এ অবস্থায়, রেমিটেন্স যোদ্ধাদের দেশে যাওয়া ঠেকাতে বিশেষ প্রনোদনা দিয়ে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসীরা। এছাড়া দ্রুতই করোনা ভাইরাসের সমস্যা কাটিয়ে দেশটিতে সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টি হবে, প্রবাসীরা নতুন চাকরিতে যোগদান করবে, এমন প্রত্যাশা সকলের।
এস এইচ হেমায়েত, মক্কা প্রতিনিধি



