উত্তরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, মধ্যাঞ্চলে অবনতি

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও, মধ্যাঞ্চলে অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানিসহ গো-খাদ্যের সংকট। এছাড়া, নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে অনেক এলাকা। এদিকে, বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে ফরিদপুর, গাইবান্ধা ও রংপুরের গঙ্গাচড়ার মানুষ।
নদ-নদীর পানি কমতে শুরু করায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ঘর-বাড়ি থেকে পানি না নামায় দুর্ভোগ বেড়েছে প্রায় ৪ লক্ষাধিক মানুষের। করোনা সংকটের পাশাপাশি বন্যায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছেন।
এদিকে, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে, বাড়িঘর, রাস্তাঘাট এখনো পানিতে নিমজ্জিত। খাদ্য, বিশুদ্ধ পানিসহ গো খাদ্যের সংকট দুর্গত এলাকায়। দেখা দিয়েছে পানি বাহিত রোগ।
মানিকগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও অভ্যন্তরীন নদীগুলোর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার ২ লাখ মানুষ। আশ্রয় কেদ্রগুলোতে ৮৪৭ টি পরিবার এবং ১ হাজার ১৮০ টি গবাদিপশু আশ্রয় নিয়েছে।
অন্যদিকে, গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালিয়াকৈর উপজেলার ১০২টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এছাড়া, রাজধানীর আশপাশে নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দূর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



