রাজনীতি

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার ঘটনায় আপত্তি জানিয়েছে দেশটির দুটি ইহুদি ও হিন্দু সংগঠন। হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রতি তাঁর প্রশংসাসূচক মন্তব্যের প্রসঙ্গ তুলে অস্ট্রেলিয়ায় তাঁর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভিসা দেওয়ার বিষয়েই নয়, অস্ট্রেলিয়া সরকারের কোনো প্রতিনিধি জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেছেন কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে সংগঠনগুলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিজেদের উদ্বেগের কথা জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।

বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর ডা. শফিকুর রহমান তাঁকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে অভিহিত করেছিলেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরও শোক প্রকাশ করে তাঁকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন জামায়াত আমির।

এ ছাড়া জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। তাদের বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দলটির ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। দলটির সাবেক কয়েকজন নেতা একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, গত ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) সিডনিতে আয়োজিত একটি মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানায়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ পরিস্থিতিতে জামায়াত আমিরকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার কারণ এবং দেশটির সরকারি পর্যায়ের কেউ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, তা পরিষ্কার করার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে ইসরাইলের রিলিজিয়াস জায়নিজম দলের আইনপ্রণেতা সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।

তিনি প্রশ্ন তুলে বলেন, ইসরাইলের রাজনীতিকদের প্রবেশে বাধা দেওয়া হলেও হামাসের নেতাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন—এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানো হলো?

অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বলেন, যারা উগ্র ইসলামপন্থীদের সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে কিংবা এ ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থান নেয় না, তাদের স্বাগত জানানো অস্ট্রেলিয়ার সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। এতে দেশটির সামাজিক সম্প্রীতি ও সংহতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button