রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

ইতালির রোম দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতি ও দালাল পৃষ্টপোষকতার অভিযোগ এনে কমিউনিটির নেতারা দূতাবাস ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে প্রবাসীরা অনিয়মিত অভিবাসীদের দ্রুত পাসপোর্ট অথবা সার্টিফিকেট প্রদানের দাবি জানায়। বর্তমান রাষ্ট্রদূত থাকা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতি ও দালাল পৃষ্টপোষকতার অভিযোগ দীর্ঘদিনের। ইতালির কমিউনিটির নেতারা এ ব্যাপারে রাষ্ট্রদূতের কাছে বারবার অভিযোগ করেও কোন সুফল পাননি। রাষ্ট্রদূত দালালদের পক্ষ নিয়ে দালালীর সুযোগ করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
দালাল নির্মূল এবং দূতাবাস দুর্নীতিমুক্ত করনের দাবিতে, বাংলাদেশ সমিতি ইতালি সোমবার পুলিশের অনুমতি নিয়ে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। “দালাল নির্মূল দূতাবাস দুর্নীতিমুক্ত কমিটি” এই সমাবেশের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে।
এসময় প্রবাসীরা বলেন, দীর্ঘদিন যাবৎ দূতাবাসে একটি দালাল সিন্ডিকেট কাজ করছে। তারা অবিলম্বে দূতাবাস কর্মকর্তাদের কে দালাল পৃষ্টপোষকতা বন্ধের আহ্বান জানান। এছাড়া সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়, বর্তমান রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার রোম দূতাবাসের দায়িত্বে থাকা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।আগামী ৩ আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।
এসময় সংগঠনের সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, ইতালী আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম, এম এ রব মিন্টু, মাহবুব আলম প্রধান, মনজুর আহমেদ, ফয়সাল আহমেদ, জিয়া মানিকসহ আরো অনেকে।
হূমায়ূন কবির, রোম প্রতিনিধি



