
ঈদুল আযহা উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। অন্যান্য বারের মত এবারের ঈদযাত্রায় রেলস্টেশন ও বাস টার্মিলানে চাপ তুলনামূলক কম। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। তবে, নৌপথে যাত্রীদের বেসামাল ভীড়। ঈদযাত্রার শেষ দিনে, ঝুকি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা।
কাল পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সাথে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে বাড়ি ফেরার ব্যস্ততা। প্রতিবছর এই সময়টা রাজধানী ছাড়ার বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় থাকে। তবে এবার চিত্র একেবারেই আলাদা।
সকাল থেকে বাস কাউন্টারে টিকিট নিয়ে গলা ফাটিয়ে ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না তেমন একটা। প্রতিদিন ১০টি করে বাস ছাড়ার কথা থাকলেও বেশিরভাগ পরিবহনই ছাড়ছে ৪ থেকে ৫টি বাস।
স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট যাত্রীরাও। আর যাত্রীদের সুবিধার্থে ঈদযাত্রায় ৪টি আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে, নৌ পথে বেড়েছে যাত্রীদের চাপ। স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে ঘরে ফিরছে মানুষ।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ঈদ ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা ছিল। কিন্তু পরিজন নিয়ে কোরবানী ঈদ পালন করতে মানুষের বাড়ি ফেরা টানে যেন হার মেনেছে বিধিনিষেধ।
মাসুদ সুমন, বাংলা টিভি



