
টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশসহ সাত আসামিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে, কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া চার পুলিশ সদস্য হলেন, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। এছাড়া, বাকি তিনজন হলেন, পুলিশের দায়ের করা হত্যা মামলার সাক্ষী নূরুল আমীন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াছ।
মঙ্গলবার (১১ আগস্ট) কক্সবাজারের বাহারছড়া এলাকা থেকে সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী ও উপ-পরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডে নেয়ার কথা থাকলেও আজও তাদের নেয়া হয়নি।



