আবারও নতুন করে বন্যার আশঙ্কায় চরাঞ্চলের বাসিন্দারা

কুড়িগ্রামে বন্যার পানি নেমে যেতে না যেতেই আবারো ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় দীর্ঘ বন্যার পর আবারও নতুন করে বন্যার কবলে পড়ার আশংকায় দিন কাটছে চরাঞ্চলের বাসিন্দাদের।
অন্যদিকে টানা বন্যায় জেলার সাড়ে ৪ শতাধিক চর ও নিম্নাঞ্চলের ফসলসহ সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় একেবারের কর্মহীন হয়ে পড়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষজন। এদিকে, সিরাজগঞ্জে আবারো হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি।
এদিকে, গত ৪০ ঘন্টায় ২৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় বাড়লেও কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি। গাজীপুরে সব নদ-নদীর পানি ধীরগতিতে কমতে থাকলেও দুর্ভোগে পড়েছেন বানভাসিরা। পানিতে এখনো ডুবে রয়েছে অনেক বাড়িঘর ও রাস্তাঘাট।
অন্যদিকে, শিল্পাঞ্চল সাভার উপজেলার প্রায় ৮টি ইউনিয়নই বন্যার কবলে। এসব এলাকার বাসিন্দাদের বন্যা মোকাবেলায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তার উপর বিষাক্ত কালো পানির সংস্পর্শে রোগাক্রান্ত হয়ে দুর্বিসহ হয়ে ওঠেছে জনজীবন।
এছাড়া, আশুলিয়ার নিম্ন অঞ্চলগুলোতে বন্যার প্রকোপ বেশি হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে বানভাসি মানুষ।



