২০ বছর পর পরিবারের সন্ধান পেলেন সিরাজ

মঙ্গলবার সকালে সময় টেলিভিশনে ‘মামার সঙ্গে ঢাকায় এসে হারিয়ে যান সিরাজ, খুঁজছেন পরিবারকে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হলে দুপুর না গড়াতেই সিরাজের ২০ বছরের অপেক্ষার অবসান ঘটে সিরাজের। সন্ধান মেলে পরিবারের।
২০ বছর আগে মামার সঙ্গে বরিশাল অঞ্চলের কোন একটি জেলা থেকে ঢাকায় এসে ছোট্ট বেলায় হারিয়ে যান তিনি। বাড়ির পাশে থৈ থৈ পানি, লঞ্চ ঘাট, মায়ের সঙ্গে বেড়াতে যাবার স্মৃতি কাঁদিয়ে যাচ্ছে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি সিরাজকে। নিজ পরিবারের সন্ধান পেতে গণমাধ্যমের শরণাপন্ন হন সিরাজ।
সিরাজ জানান, মামার সাথে ঢাকা এসে খেলতে বের হইছিলাম। এক রাস্তা থুয়ে আরেক রাস্তায় চলে গেছি পরে আর রাস্তা খুঁজে পাইনি।
মায়ের নাম কুলসুম আর বাবার নাম মোস্তফা ছাড়া স্মৃতিতে আর কিছুই নেই পরিবারের বড় ছেলে সিরাজের। তবে তার বিশ্বাস ছিলো, পৃথিবী থেকে বিদায় নেবার আগে মায়ের সঙ্গে দেখা হবে আবার। সূত্র সময় টিভি



